আন্তর্জাতিক ডেস্ক : পুলিশ জানিয়েছে, সকালে কয়েকজন পুলিশকর্মী একটি বাজারে টহল দিচ্ছিলেন। সোপোরের ছোট বাজার ও বড় বাজারের মাঝখানে একটি লেনে বিস্ফোরকটি রাখা ছিল। হঠাৎ বিকট শব্দে আইইডির বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতার কারণে আশপাশের তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক কর্মকর্তাসহ চার পুলিশ সদস্যের। আহত হন আরও দুই পুলিশ সদস্য।
জম্মু-কাশ্মীরে ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে এক কর্মকর্তাসহ চার পুলিশ সদস্য নিহত হয়েছে। শনিবার সকালে সোপোর শহরে এ ঘটনা ঘটেছে।
এই ঘটনার পর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে পুলিশ ও সেনা সদস্যরা। জঙ্গিগোষ্ঠী জয়েশ ই মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করেছে।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা এসএ মুজতাবা বলেছেন, ‘সোপরে ধর্মঘট ডাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত টহলের অংশ হিসেবে তারা রুটিন ডিউটিতে ছিলেন।’
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি টুইটারে লিখেছেন, ‘চার পুলিশকর্মীর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’


