আইফোন বিক্রির ফাঁদে ফেলে ইমামকে মারধর, ফোন ছিনতাই

নাটোরের বড়াইগ্রামে ফেসবুকে নিজের ব্যবহৃত আইফোন বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন নাটোরের বড়াইগ্রামের চরগোবিন্দপুর নতুনপাড়া জামে মসজিদের পেশ ইমাম সামিউল ইসলাম (২০)।

সে বিজ্ঞাপন দেখে দুই যুবক মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে বড়াইগ্রামের নগর বাজারে আসেন। অভিযোগ উঠেছে, আইফোনটি যাচাই করার কথা বলে সামিউলকে মোটরসাইকেলে তুলে ফাঁকা মাঠে নিয়ে মারধর করে মোবাইল ফোনটি ছিনিয়ে নেন ওই দুই যুবক।

অভিযোগকারী সামিউল ইসলাম বড়াইগ্রামের নগর ইউনিয়নের থানাইখাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদীর হাসান আলী পরিচয়ে এক যুবক তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে নগর বাজারে আসেন। তারা সেখানে আইফোন ১৩ মোবাইলটি দেখে দরদাম করেন। পরে ফোনটির মালিকানা অনলাইনে যাচাই করার কথা বলে সামিউলকে তাদের মোটরসাইকেলে তুলে জোনাইল বাজারের দিকে রওনা হন। পরে কয়েন-জোনাইল আঞ্চলিক সড়কের চরগোবিন্দপুর এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার কাছে পৌঁছালে ওই দুই যুবক সামিউলকে মোটরসাইকেল থেকে ফেলে দেন। পরে তাকে মারধর করে আইফোনটি ছিনিয়ে নিয়ে চলে যান। পরে পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসাধীন সামিউল ইসলাম বলেন, ফোনটি যাচাইয়ের কথা বলে ওই দুই যুবক মোটরসাইকেলে করে আমাকে জোনাইল বাজারের দিকে নিয়ে যায়। একপর্যায়ে ফাঁকা বিল এলাকায় গেলে রাস্তার ওপর মোটরসাইকেলটি দাঁড় করিয়ে তারা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তারা আমাকে মারধর করে এবং আইফোনটি কেড়ে নিয়ে চলে যায়। পুলিশকে ঘটনাটি জানিয়েছি।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেফতার ও আইফোনটি উদ্ধারের চেষ্টা চলছে।