আকিফা হত্যা : চালকসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

কুষ্টিয়া : কুষ্টিয়ায় বাসচালকের খামখেয়ালিপনায় শিশু নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে কুষ্টিয়া মডেল থানায় এ মামলা করেন নিহত শিশু আকিফার বাবা হারুণ উর রশিদ। মামলায় ঘাতক বাসের চালক খোকন, সুপারভাইজার মাস্টার ও মালিক জয়নুল আবেদিনকে আসামি করা হয়েছে। গত মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে রাজশাহী থেকে ফরিদপুরের উদ্দেশে ছেড়ে আসা গঞ্জেরাজ পরিবহনের একটি বাস শহরের চৌড়হাস মোড়ের কাউন্টারে এসে থামে। সে সময় থেমে থাকা বাসের সামনে দিয়ে এক বছরর শিশু কন্যা আকিফাকে কোলে নিয়ে রাস্তা পারা হচ্ছিলেন মা রিনা বেগম। হঠাৎ কোনো হর্ন ছাড়াই চালক খোকন বাসটি চালিয়ে দেন। এতে মায়ের কোল থেকে রাস্তার ওপর ছিঁটকে পড়ে আহত হয় শিশু কন্যা আকিফা। বাসের ধাক্কায় রিনা বেগমও আহত হন। বৃহস্পতিবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু আকিফা। কুষ্টিয়া মডেল থানার ওসি নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনা আইনে বেপরোয়াভাবে গাড়ি চালানোর অভিযোগে মামলাটি করা হয়েছে। মামলায় ৩০৪ ধারাসহ আরো কয়েকটি ধারা রয়েছে। তবে ৩০২ ধারায় মামলাটি হয়নি। আসামি ধরার ব্যাপারে কুষ্টিয়া থানা-পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করা যাচ্ছে শিগগিরই আসামিদের ধরা সম্ভব হবে। আকিফা কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার সবজি ব্যবসায়ী হারুণ উর রশিদের মেয়ে।