জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি কিশোরগঞ্জে তার প্রথম সফর। সকালে সড়কপথে ঢাকার গুলশানের বাসা থেকে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হন তিনি।
সফরসূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। সেখানে স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়েও অংশ নেবেন তিনি।
এরপর দুপুর সাড়ে ১২টায় কটিয়াদীর কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। দুপুর ১টায় আচমিতা জর্জ ইনস্টিটিউটের মিনি স্টেডিয়ামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। একই অনুষ্ঠানে জাতীয় মৎস্য পদক পুরস্কার বিতরণ করা হবে।
দুপুর আড়াইটায় ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বিকাল সোয়া ৩টায় কিশোরগঞ্জ সার্কিট হাউজে মধ্যাহ্নভোজ করবেন তিনি।
সফরের শেষ কর্মসূচি হিসেবে বিকাল ৪টায় পুরাতন কিশোরগঞ্জ স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় ব্যক্তিদের সম্মানী প্রদান করা হবে।
দিনব্যাপী এসব কর্মসূচি শেষে সন্ধ্যায় সড়কপথে ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


