আন্তর্জাতিক ডেস্ক : ইউরোকন্ট্রোল জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে আকাশ থেকে মাটিতে কিংবা সমুদ্রযান থেকে ক্ষেপণাস্ত্র ব্যবহার হতে পারে। এ ছাড়া রেডিও চালনা যন্ত্রপাতিতে থেমে থেমে সমস্যা দেখা দিতে পারে।
পূর্ব ভূমধ্যসাগরের ওপরে আকাশসীমা ব্যবহারে সবাইকে সতর্ক থাকতে বলেছে আন্তর্জাতিক বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা ইউরোকন্ট্রোল।
বুধবার ইউরোকন্ট্রোল বলে, ‘সিরিয়ায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে আকাশ থেকে মাটিতে কিংবা সমুদ্রযান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মাধ্যমে সম্ভাব্য বিমান হামলা এবং রেডিও চালনা যন্ত্রপাতিতে থেমে থেমে সমস্যা দেখা দেওয়ার আশঙ্কায় পূর্ব ভূমধ্যসাগরীয়/নিকোশিয়া এফআইআর অঞ্চলে বিমানের ফ্লাইট চালানোর আগে ভালোভাবে ভেবেচিন্তে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।’
নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এই সতর্কবার্তায় ঠিক কোন অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে, তা নির্দিষ্ট করে বলেনি ইউরোকন্ট্রোল।
সিরিয়ার দৌমায় শনিবার ‘রাসায়নিক অস্ত্র ব্যবহারের’ অভিযোগে দেশটিতে সামরিক হামলা চালানোর ব্যাপারে আলোচনা করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব। তারা রাসায়নিক হামলার জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দায়ী করছেন। বেশ কয়েকদিন ধরেই দৌমা ঘিরে রেখেছিল আসাদের নেতৃত্বাধীন সরকারি বাহিনী।
সিরিয়া ঘিরে উত্তেজনাকে সামনে রেখে ট্রাম্প মঙ্গলবার তার পূর্বনির্ধারিত ল্যাটিন আমেরিকা সফর বাতিল করেন। হোয়াইট হাউস জানিয়েছিল, সোমবার মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প সিরিয়ায় দ্রুত ও শক্ত পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন।
এদিকে, সিরিয়ায় রাসায়নিক হামলার অভিযোগ তুলে দেশটিতে কোনো ধরনের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। জাতিসংঘে রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া মঙ্গলবার বলেন, ‘আপনারা (যুক্তরাষ্ট্র ও মিত্ররা) যে পরিকল্পনা করছেন তা থেকে বিরত থাকতে আমি আপনাদের ফের অনুরোধ করছি।’
সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের ঘটনা তদন্তে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুন করে অনুসন্ধানের একটি প্রস্তাব মঙ্গলবার এনেছিল যুক্তরাষ্ট্র। তবে রাশিয়ার ভেটোতে তা ভেস্তে যায়। এ সময় ভ্যাসিলি নেবেনজিয়া এ কথা বলেন।
তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন, ‘কোনো ধরনের অবৈধ সামরিক পদক্ষেপ গ্রহণ করলে তার দায়ভার যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে।’
তথ্য : আল জাজিরা, বিবিসি ও রয়টার্স


