আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইয়ের কারণে বন্ধ বালি বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক : মাউন্ট আগুং আগ্নেয়গিরি থেকে নির্গত ছাইয়ের কারণে সাত মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ইন্দোনেশিয়ার পর্যটন কেন্দ্র বালির আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে বলে বৃহস্পতিবার জানানো হয়েছে।

গত বছরের শেষ দিক থেকে ফুঁসে উঠছিল মাউন্ট আগুং। এ কারণে ওই বছরের ডিসেম্বরে কয়েক দিনের জন্য বালি বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছিল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ফের অগ্ন্যুৎপাত শুরু হলে আগুং ও এর আশপাশের এলাকা ছাইয়ের মেঘে ঢেকে যায়।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন মুখপাত্র সুতোপো পুরো নাগরোহো টুইটারে জানিযেছেন, অগ্ন্যুৎপাতের কারণে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আড়াই কিলোমিটার উচ্চতায় ছাই ছড়িয়ে পড়ছে এবং আগ্নেয়গিরিটির জ্বালামুখে লালচে শিখা দেখা যাচ্ছে।

তিনি আরো জানিয়েছেন, বানিউওয়াঙ্গি ও জেম্বারের অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সব মিলেয়ে ৪৪৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে ২০৭টি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে। এর ফল ঝামেলায় পড়বে ৭৪ হাজার ৯২৮ জন যাত্রী।