আজ কাতালোনিয়ায় মাদ্রিদের শাসনের পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক : কাতালোনিয়ার ওপর স্পেনের কেন্দ্রীয় শাসন কতোটা কার্যকর বা যথার্থ হবে তা জানা যাবে আজ সোমবার। স্বায়ত্ত্বাশাসিত অঞ্চলটির সরকারি কর্মচারীদের কতোটা অংশ মাদ্রিদের নির্দেশ মেনে কাজে যোগ দেবে তার ওপর নির্ভর করছে এই পরীক্ষার ফলাফল। শুক্রবার কাতালোনিয়ার পার্লামেন্টে স্বাধীনতার ঘোষণা পাস হয়। এরপর ঘন্টা না যেতেই স্পেনের সিনেট কাতালোনিয়াকে কেন্দ্রের শাসনে আনতে মন্ত্রিসভার প্রস্তাবে অনুমোদন দেয়। শনিবার কাতালোনিয়ার আঞ্চলিক সরকারকে বরখাস্ত করার পর আঞ্চলিক সরকারের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয় স্পেনের ডেপুটি প্রধানমন্ত্রীর হাতে। কাতালোনিয়ার বরখাস্তকৃত প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন মাদ্রিদের এই সিদ্ধান্তের প্রতিবাদ করে জানিয়েছেন, কেবল কাতালোনিয়ার জনগণই তাদের প্রত্যাখ্যান করতে পারে অন্য কেউ নয়। সোমবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে প্রচারণা চালিয়েছে যে নাগরিক গ্রুপটি সেটি সরকারি কর্মকর্তাদের কাজে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছে। নিয়ম অনুযায়ী স্থানীয় সময় সকাল ৯টায় প্রায় ২ লাখ সরকারি কর্মচারীদের কাজে যোগ দেওয়ার কথা। এখন দেখার বিষয় এদের মধ্যে কতোজন কেন্দ্রের নির্দেশ মেনে কাজে যোগ দেবেন আর কতোজন স্বাধীনতার পক্ষের নাগরিক সমাজ ও আঞ্চলিক সরকারের নির্দেশ মেনে কাজে যোগ দেওয়া থেকে বিরত থাকবেন। মাদ্রিদের পক্ষ থেকে অবশ্য যারা কাজে যোগ দেবেন না তাদেরকে চাকরিচ্যুত করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।স্পেনের প্রধান সরকারি কৌঁসুলিও ঘোষণা করেছেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশ যারা অমান্য করা হবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।