আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে পুলিশের প্রাদেশিক সদরদপ্তরের সামনে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছে। এই হামলায় আরও ৪২ জন আহত হয়েছে। বুধবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
প্রাদেশিক পুলিশ প্রধান আব্দুল গফর সাফাই জানিয়েছেন, হেলমান্দের রাজধানী লশকর গাহয়ে পুলিশ সদরদপ্তরে নিজেদের বেতন নিতে জড়ো হয়েছিলেন পুলিশ ও সেনা সদস্যরা। ওই ভীড়টি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটানো হয়। এতে স্থানীয় দুই নারী, দুই সৈনিক ও এক শিশু নিহত হয়েছে। তাদের মৃতদেহগুলি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, বিস্ফোরণে আরো ৪০ জনেরও বেশি আহত হয়েছেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
এর আগে জুনে লশকর গাহয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি ব্যাংকে বেতন তুলতে জড়ো হলে সেখানে হামলা চালিয়েছিল জঙ্গিরা। ওই ঘটনার পর পুলিশ সদরদপ্তরেই ব্যাংকটির একটি শাখা খোলা হয়েছিল।


