আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার দেশ জিবুতিতে সেনা পাঠালো চীন। প্রথমবারের মতো বিদেশে স্থাপিত ঘাঁটিতে এটাই চীনের প্রথম সেনা প্রেরণ।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, এই ঘাঁটিটি শান্তিরক্ষা ও মানবিক সহায়তার কাজে ব্যবহৃত হবে।
সম্প্রতি চীন তার সেনাবাহিনীকে আধুনিকায়নের উদ্যোগ নিয়েছে। এর পাশাপাশি আফ্রিকাতে তাদের বিনিয়োগও বৃদ্ধি করেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভারত মহাসাগরের উত্তর-পশ্চিম প্রান্তে অবস্থিত জিবুতিতে গত বছর একটি সরবরাহ ঘাঁটি নির্মাণের কাজ শুরু করে চীন। হর্ন অব আফ্রিকায় অবস্থিত জিবুতি নৌবানিজ্য জাহাজের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ একটি রুট। দেশটিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানের সামরিক ঘাঁটি রয়েছে।
মঙ্গলবার সিনহুয়া জানিয়েছে, দুদেশের ‘বন্ধুত্বপূর্ণ সমঝোতা ও উভয় দেশের জনগণের অভিন্ন স্বার্থজনিত আগ্রহের ভিত্তিতে’ ঘাঁটিটি স্থাপনের সিদ্ধান্ত হয়েছিল।সামরিক বাহিনীর সদস্যদের বহনকারী জাহাজগুলো চীনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ঝানজিয়াং থেকে রওনা হয়েছে। তবে কতোজন সেনা বা কয়টি জাহাজ রওনা হয়েছে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। এছাড়া ঘাঁটিটি কখন কার্যক্রম শুরু করবে সে ব্যাপারেও কিছু জানানো হয়নি।


