আবার বিচ্ছেদ

বিনোদন ডেস্ক : হলিউড তারকাদের বিচ্ছেদের খবর নতুন বিষয় নয়। এবার বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা চ্যানিং ট্যাটাম ও অভিনেত্রী জেনা ডেওয়ান। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এক যৌথ বিবৃতিতে বিচ্ছেদের বিষয়টি জানিয়েছেন তারা। এর মধ্যে দিয়ে তাদের নয় বছরের দাম্পত্য জীবনের অবসান হতে যাচ্ছে।

বিবৃতিতে তারা লিখেছেন, ‘প্রথমত, এটা খুবই অদ্ভুত লাগছে যে, এই ধরনের বিষয় সবার সঙ্গে ভাগাভাগি করতে হচ্ছে, কিন্তু জীবনের পরিণতি হিসেবে আমরা এটিই বেছে নিয়েছি। আমরা চমৎকার একটি যুগে বসবাস করছি কিন্তু এখন অনেক সময় সত্য বিকৃত হয়ে যায়। সেখানে অন্য বিষয় জায়গা করে নেয়। তাই আমরা সত্যটা জানাতে চাই। কারণ আপনি এটি এখানে না পড়লে, সম্ভবত কল্পিত কিছু তৈরি হবে।

আমরা স্বেচ্ছায় বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমরা অনেক বছর আগে গভীর প্রেমে পড়েছিলাম এবং আমাদের পথচলাটা ছিল দারুণ উপভোগ্য। পরস্পরের প্রতি আমাদের ভালোবাসাটা এখনো পরিবর্তন হয়নি, কিন্তু ভালোবাসা একটি অসাধারণ অ্যাডভেঞ্চার যা আমাদের এখন থেকে আলাদা পথে নিয়ে যাচ্ছে। আমাদের এই সিদ্ধান্তের পেছনে গোপনীয় বা অন্য কোনো বিষয় নেই, শুধু দুই বন্ধু মনে করছি যতদূর সম্ভব জীবনকে আরো আনন্দঘন ও পরিপূর্ণ করতে আমাদের একটু আলাদা থাকা প্রয়োজন। আমরা এখনো পরিবারের মতো আছি এবং সবসময় এভারলির (মেয়ে) প্রিয় মা-বাবা হয়ে থাকব। আমরা এই বিষয়ে আর কোনো মন্তব্য করব না এবং আমাদের পরিবারের গোপনীয়তাকে শ্রদ্ধা জানানোর জন্য আপনাদের আগাম ধন্যবাদ। সবাইকে অনেক ভালোবাসা। চ্যান এবং জেনা।’

২০০৬ সালে স্টেপ আপ সিনেমার সেটে প্রেমের সম্পর্কে জড়ান। চ্যানিং ট্যাটাম ও জেনা ডেওয়ান। ২০০৯ সালে বিয়ে করেন তারা। এরপর ২০১৩ সালের মে মাসে তাদের মেয়ে এভারলির জন্ম হয়।