সংসদ লুকে নজরকাড়া কঙ্গনা, শুধু ব্যাগ-ঘড়িতেই খরচ ৫৬ লাখ রুপি!

ভারতের লোকসভার সদস্য তথা বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত সম্প্রতি তার পার্লামেন্ট লুকের জন্য সংবাদ শিরোনামে উঠে এসেছেন। দিল্লির এক বৃষ্টিভেজা দিনে কঙ্গনাকে হালকা নীল রঙের একটি মার্জিত শাড়িতে সংসদে প্রবেশ করতে দেখা যায়।

আপাতদৃষ্টিতে তার এই ঐতিহ্যবাহী সাজটি সাধারণ মনে হলেও, তার সঙ্গে থাকা লাখ লাখ টাকার বিলাসবহুল ফ্যাশন অনুষঙ্গ মুহূর্তেই সবার দৃষ্টি আকর্ষণ করে।

কঙ্গনার পরিধান করা সাধারণ শাড়ির সঙ্গে কালো রঙের একটি নামিদামি হার্মিস বিরকিন হ্যান্ডব্যাগ, হাতঘড়ি এবং একটি ডিজাইনার ছাতা তার এই লুকে যোগ করেছে আভিজাত্য ও হাই-ফ্যাশনের স্পর্শ।

কঙ্গনা বেছে নিয়েছিলেন উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী ফ্যাকাশে নীল রঙের একটি এরি সিল্ক শাড়ি। শাড়িটির সূক্ষ্ম ফিনিশিং ও বর্ডার কঙ্গনার উপস্থিতিতে এনে দেয় এক অনন্য গাম্ভীর্য। ক্লাসিক ঢঙে পরা এই শাড়ির সঙ্গে তিনি মিলিয়ে পরেছিলেন সাদা রঙের একটি সাধারণ হাফ-হাতা ব্লাউজ। শাড়ির আঁচলটি কাঁধে পরিপাটিভাবে রাখা ছিল।

তবে কঙ্গনার এই লুকের সবচেয়ে আকর্ষণীয় অনুষঙ্গটি ছিল তার হাতে থাকা টোগো লেদারের তৈরি কালো রঙের ‘হার্মিস বিরকিন’ ব্যাগ। স্ট্রাকচার্ড এই বিলাসবহুল ব্যাগে ছিল ব্র্যান্ডটির সিগনেচার টপ হ্যান্ডেল ও গোল্ড হার্ডওয়্যার।

ফারফেচ-এর তথ্য অনুযায়ী, এই বিশেষ ব্র্যান্ডের হ্যান্ডব্যাগটির আনুমানিক মূল্য প্রায় ৩৫ লাখ রুপি। হালকা নীল শাড়ির সঙ্গে এই কালো ব্যাগের বৈপরীত্য তার পুরো লুকের মূল আকর্ষণে পরিণত হয়।

পোশাকের সাধারণ ভাব ধরে রাখলেও বিলাসিতায় কোনো ঘাটতি রাখেননি বিজেপির এই সংসদ সদস্য। হাতে পরা ছিল ‘রোলেক্স লেডি-ডেটজাস্ট’ মডেলের একটি বিলাসবহুল ঘড়ি, যার ডায়ালটি ছিল চকোলেট ব্রাউন রঙের। অত্যন্ত দামি এই ঘড়িটির আনুমানিক মূল্য প্রায় ২১ লাখ রুপি।

দিল্লির ঝুম বৃষ্টির কথা মাথায় রেখে কঙ্গনার হাতে ছিল ‘গুড আর্থ’ ব্র্যান্ডের একটি প্রিন্টেড ছাতা। যার বাজারমূল্য প্রায় ৬,১০০ রুপি। হালকা আকাশি শেডের ছাতাটিতে ট্রপিক্যাল প্রিন্টের পাশাপাশি ভেতরের দিকে শেভরন প্যাটার্ন এবং কাঠের হাতল ছিল। এটি কেবল বৃষ্টির হাত থেকে রেহাই পাওয়ার মাধ্যম হিসেবেই নয়, বরং কঙ্গনার নীল শাড়ির রঙের সঙ্গেও চমৎকারভাবে মানিয়ে যায়।

সাধারণ ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকের সঙ্গে আন্তর্জাতিক লাক্সারি ব্র্যান্ডের ব্যাগ, ঘড়ি ও ছাতার এমন মেলবন্ধন কঙ্গনার এই পার্লামেন্ট লুককে অনন্য করে তুলেছে।

সূত্র: এনডিটিভি