এইচ এম কাওসার মাদবর বরগুনা থেকে: আমতলীর দক্ষিণ আমতলী গ্রামের বেয়াই নজরুল ইসলাম খানের বাড়িতে বেড়াতে এসে খুন হলেন কলাপাড়া উপজেলার চালিতা বুনিয়া গ্রামের, আবুল হোসেন (৬০) পিতা, সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের চালিতা বুনিয়া গ্রামের মৃত চানমিয়ার ছেলে মো. আবুল হোসেন হাওলাদার তার স্ত্রী নার্গিস বেগমকে সঙ্গে নিয়ে দক্ষিণ আমতলী গ্রামের সৌদি প্রবাসী নজরুল ইসলাম খানের বাড়িতে বেড়াতে আসেন। রাতে খাওয়া শেষে আবুল হাওলাদার ঘরের সামনে বারান্দায় এবং অন্যান্যরা ঘরের ভেতর ঘুমিয়ে পড়েন।
আনুমানিক রাত ৩টার দিকে আবুল হাওলাদারের ডাক চিৎকার শুনে ঘরের ভেতরের লোকজন জেগে উঠে দেখেন ৩-৪জনের একদল আবুল হাওলাদারকে ধারালো ছুড়ি দিয়ে পেটে এবং বুকে আঘাত করছে।
এসময় নজরুলের মেয়ে জেসমিন (২৪) চিৎকার দিলে তাকেও এলোপাথারিভাবে কুপিয়ে আহত করেছে।
স্বজন এবং গ্রামবাসীরা খবর পেয়ে তাৎক্ষণিক আবুল হোসেন হাওলাদারকে অজ্ঞান অবস্থায় ও জেসমিনকে উদ্ধার করে আমতলী হাসপাতালে নিয়ে যান। আহতদের অবস্থা সংকটজনক হওয়ায় রাতেই আবুলকে বরিশাল শেবাচিম ও জেসমিনকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেয়া হচ্ছিল। তবে বরিশাল নেওয়ার পথে লেবুখালী ফেরিঘাট পৌঁছানোর আগেই রাত ৪টার সময় মারা যান আবুল।
আবুলের স্ত্রী নার্গিস বেগম বলেন, এলাকায় আমার স্বামীর সঙ্গে যাদের জমি নিয়ে বিরোধ রয়েছে তারা এ ঘটনা ঘটাতে পারে।
আমতলী থানার ওসি মো. আলাউদ্দিন মিলন জানান, লাশ উদ্ধার করে অাজ সকালে ময়না তদন্তের জন্য বরগুনার মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে।


