বিনোদন ডেস্ক : ‘আমি একদম পাক্কা রাঁধুনি। বাঙালি খাবারের বিভিন্ন পদ যেমন ভালো রাঁধি, তেমনি বাইরের দেশের খাবারের বিভিন্ন পদও ভালো রাঁধি। আশা করি, আমার রান্না খেলে কেউ হতাশ হবেন না।’ রাইজিংবিডির সঙ্গে আলাপকালে এভাবেই কথাগুলো বলেন অভিনেত্রী ফারজানা রিক্তা।
কথাগুলো যখন বলছিলেন তখন নগরীর কারওয়ান বাজারের ইউটিসি বিল্ডিংয়ে রান্নার প্রস্তুতি নিচ্ছিলেন এ অভিনেত্রী। আর এসব করছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির রান্না বিষয়ক ‘রমজানে রূপচাঁদা’ অনুষ্ঠানের জন্য। এ অনুষ্ঠানটি রিক্তা উপস্থাপনা করছেন। ইউটিসি বিল্ডিংয়ে তারই শুটিং চলছে বলেও জানান এই নায়িকা।
এ প্রসঙ্গে ফারজানা রিক্তা রাইজিংবিডিকে বলেন, ‘প্রথমবারের মতো রান্নার কোনো অনুষ্ঠান উপস্থাপনা করছি। এ অর্থে রান্নার অনুষ্ঠানে আমি একেবারেই নতুন। তবে আমার সঙ্গে চারজন শেফ আছেন। অনুষ্ঠানে দেখা যাবে তাদের সঙ্গে রান্না-বান্না করি, কথা বলি। ইফতারের চারটি আইটেম নিয়ে রান্নার এ অনুষ্ঠানটি সাজানো হয়েছে। এ চারটি রান্নার ভাগ হলো- হেলদি ফুড, ফিউশন ডিশ, ডিপ ফ্রাইড ও ঈদ স্পেশাল।’
রান্না বিষয়ক অনুষ্ঠানটি পরিচালনা করছেন জাহিদ মাহমুদ। এ অনুষ্ঠানটি ৩০টি পর্বে প্রচারিত হবে। প্রতি রমজানে ইফতারের আধ ঘণ্টা আগে ১০ মিনিট ব্যাপ্তির এ আনুষ্ঠানটি প্রচারিত হবে।
উপস্থাপনায় রিক্তা এবারই প্রথম নয়। বাংলাভিশনে ‘স্টার ওয়ার্ল্ড’ ও জিটিভির ‘সেভেন আপ এফএনএফ জার্নি’ নামে একটি ভ্রমণ বিষয়ক অনুষ্ঠানও উপস্থাপনা করেন এই অভিনেত্রী।
মডেলিংয়ের মাধ্যেম শোবিজ অঙ্গনে পা রাখেন রিক্তা। টেলিভিশন নাটক-টেলিফিল্মে দুর্দান্ত অভিনয় করে দর্শকপ্রিয়তা লাভ করেন এই অভিনেত্রী। টিভি নাটকের পাশাপাশি ‘কার্তুজ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন রিক্তা। তার অভিনীত সর্বশেষ ‘আলতাবানু’ সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে। মুক্তির পর এ সিনেমাটিও দর্শক মহলে সাড়া ফেলেছে।


