আরিফ আলভি পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান তেহরিক-ই-ইসসাফ (পিটিআই) দলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আরিফ আলভি পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। রোববার ইসলামাবাদের প্রেসিডেন্ট প্রাসাদ আইওয়ান-ই-সদরে এ শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পেশায় দন্ত চিকিৎসক আরিফ আলভি পিটিআই চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। রোববার তাকে পাকিস্তানের ১৩তম প্রেসিডেন্ট হিসেবে শপথ পড়ান প্রধান বিচারপতি সাকিব নিসার। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ইমরান খান, সেনা প্রধান জেনারেল কমর জাভেদ বাজওয়াসহ সামরিক ও বেসামিরক উর্ধ্বতন কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী আইতাজ আহসান এবং মুসলিম লিগ (নওয়াজ) প্রার্থী মাওলানা ফজলুর রহমানকে পরাজিত করে আলভিকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করে পাকিস্তানের আইন পরিষদ।

১৯৬৯ সালে আইয়ুববিরোধী ছাত্র আন্দোলনে জড়িত ছিলেন ডা. আলভি। ওই সময় লাহোরে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন তিনি। ১৯৭৯ সালে তিনি জামায়াতে ইসলামির পক্ষে প্রাদেশিক নির্বাচনে প্রার্থী হয়েছিলেন।