জেলা প্রতিবেদকঃ রাজশাহী তানোরের আলুক্ষেত থেকে সরানো হলো দুর্ঘটনা কবলিত প্রশিক্ষণ বিমান। বুধবার (১৭ মার্চ) বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত অবধি চলে বিমানটির ডানা ও অন্যান্য যন্ত্রাংশ খুলে সরানোর কাজ।
এর আগে, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন সিভিল এভিয়েশনের এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন টিমের তদন্ত কমিটির অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এম এম আসাদুজ্জামান ও অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন হারুনর রশীদ।
মঙ্গলবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছান তারা। প্রায় দুই ঘণ্টা পরীক্ষা নীরিক্ষা ও পর্যবেক্ষণ শেষে তারা দুর্ঘটনা কবলিত বিমানটি সরিয়ে নেয়ার নির্দেশ দেন।
পরদিন সন্ধ্যা থেকে বিমানটি বিভিন্ন অংশ খুলতে শুরু করেন বাংলাদেশ ফ্লাইং ক্লাবের কর্মীরা। আঁধার নেমে আসায় ব্যাটারি ব্যবহার করে আলো জ্বালিয়ে কাজ করেন কর্মীরা।
তারা জানান, বিমানটি খোলা সম্পন্ন হলে বিমানের অংশগুলো ট্রাক যোগে নেওয়া হবে রাজশাহীর হযরত শাহ্ মখদুম বিমানবন্দরে।
তদন্ত কমিটির প্রধান অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এম এম আসাদুজ্জামান জানান, দুর্ঘটনার শিকার পাইলট ও প্রশিক্ষণার্থী সঙ্গে কথা বলেছেন তারা। এছাড়া বিমানের যন্ত্রাংশ পরীক্ষা করে দেখেছেন। তবে আরও কিছু বিষয় তদন্ত করে এর রিপোর্ট দেওয়া হবে।
মঙ্গলবার (১৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে তানোরের লালপুর এলাকায় আলুক্ষেতে বাংলাদেশ ফ্লাইং ক্লাবের এস২ এজিজি সেনা ১৫২ মডেলের প্রশিক্ষণ বিমানটি জরুরি অবতরণ করতে গিয়ে আছড়ে পড়ে।
বিমানটিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ ফ্লাইং একাডেমির রাজশাহীর প্রশিক্ষক ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন মাহফুজুর রহমান। তার সঙ্গে ছিলেন ক্যাডেট নাহিদ এরশাদ। দুর্ঘটনায় দুইজনই প্রাণে বেঁচে যান।
ইঞ্জিনের ত্রুটিতে পাইলট সেটিকে খোলা স্থানে জরুরি অবতরণের চেষ্টা করেন। কিন্তু অসমতল আলুক্ষেতে আছড়ে পড়ে উল্টে যায় বিমানটি।
ঘটনা তদন্তে গতকালই অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এম এম আসাদুজ্জামানকে প্রধান করে দুই সদস্যের কমিটি এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ অব বাংলাদেশ (বিমান দুর্ঘটনা তদন্ত শাখা)।


