ইয়াছিন, উপজেলা প্রতিনিধি, চরফ্যাশন (ভোলা): ভোলার চরফ্যাশন উপজেলায় পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় লিয়া বেগম (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর নিহত শিক্ষার্থীর সহপাঠীরা তার লাশ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করেন এবং দোষী চালকের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বুধবার (১ জুলাই) সকালে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান–শশীভূষণ সড়কের জলিল মাঝির বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিয়া বেগম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. সফিকুল ইসলামের মেয়ে। তিনি চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী ছিলেন। সেদিন তার নির্ধারিত পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর আগেই সড়কে প্রাণ হারাতে হয় তাকে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে অন্যান্য দিনের মতো লিয়া বেগম বাড়ি থেকে মাদ্রাসায় পরীক্ষা দিতে রওনা হন। পথে জলিল মাঝির বাড়ির সামনে পৌঁছালে একটি দ্রুতগতির টমটম (মোটরচালিত যান) তাকে সজোরে ধাক্কা দেয়। আঘাত এতটাই গুরুতর ছিল যে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই চালক টমটমটি ফেলে পালিয়ে যায়।
খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হন। নিহত শিক্ষার্থীর মরদেহ ঘিরে শোকের পাশাপাশি ক্ষোভও ছড়িয়ে পড়ে। পরে সহপাঠীরা লাশ কাঁধে নিয়ে সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা “আমার বোন ফিরিয়ে দাও”, “ঘাতক চালকের বিচার চাই”, “নিরাপদ সড়ক চাই”সহ বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা দ্রুত ঘাতক চালককে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
স্থানীয় বাসিন্দা আহসান হাবীব টিটু বলেন, একটি মেধাবী শিক্ষার্থীর এমন করুণ মৃত্যু এলাকাবাসীকে গভীরভাবে শোকাহত করেছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত বিক্ষোভে এলাকাবাসীও সংহতি প্রকাশ করেন। তারা ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও বেপরোয়া যান চলাচল বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত চালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, এক শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে মাদ্রাসা, পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।


