আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় নয়ন (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ নভেম্বর) দিনগত রাতে আশুলিয়ার ভাদাইল এলাকার ওয়েসিস স্কুলের পাশের একটি রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানা যায়নি। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক ডিপু বাংলানিউজকে জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে সোমবার দিনগত রাতে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে ওই যুবককে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর তার মরদেহ সেখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।


