আন্তর্জাতিক ডেস্ক : পারমাণবিক নিরস্ত্রীকরণে ইরানের সঙ্গে চুক্তির সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটার বার্তায় ইরানকে সামরিক হুমকি দেওয়ার দুদিন পর মঙ্গলবার তিনি এ ইঙ্গিত দিলেন।
বৈদেশিক যুদ্ধ বিশেষজ্ঞদের একটি অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় ট্রাম্প বলেছেন, ‘কী ঘটে আমরা দেখব। তবে আমরা একটি সত্যিকারের চুক্তি করতে প্রস্তুত, আগের প্রশাসন যেমনটা করে গেছে তেমন নয়, যেটি ছিল বিপর্যয়কর।’
এর আগে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘সিংহের লেজ নিয়ে খেলা করবেন না। কারণ ইরানের পাল্টা জবাবে আপনাদেরকে অনুতপ্ত হতে হবে।’
এর পরিপ্রেক্ষিতে রোববার ট্রাম্প ইরানের উদ্দেশে বলেছিলেন, ‘আমেরিকাকে আর কখনো হুমকি দেবেন না। তেহরানকে এমন শিক্ষা দেওয়া হবে, যা ইতিহাসে খুব কম সংখ্যক লোকই এর পরিণতি ভোগ করেছে।’
প্রসঙ্গত, তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার শর্তে ২০১৫ সালে ইরানের সঙ্গে ছয় জাতিগোষ্ঠির চুক্তি হয়। এই চুক্তিকে বিপর্যয়কর আখ্যা দিয়ে গত জুনে ট্রাম্প চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।


