ইরানে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে দুইজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শতাধিক লোক। ইরানের সংবাদ সংস্থা আইএরএনএ কেরমানশাহ প্রদেশের মহাপরিচালকের বরাত দিয়ে জানান, রোববার ভোরে দেশটির পশ্চিমের কেরমানশাহ প্রদেশে ৫.৯ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল তাজেহাবাদ শহর থেকে ছয় মাইল এবং জাভানরুদ শহর থেকে ১৯ মাইল দূরে। দুটি শহরই ইরান-ইরাক সীমান্তে অবস্থিত। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার (ছয় মাইল) গভীরে ভূমিকম্পের উৎপত্তি। ইরানের জরুরি ও জাতীয় দুর্যোগ সংস্থা রাষ্ট্রীয় প্রেস টিভিকে জানায়, ঘটনাস্থলে পাঁচটি উদ্ধার অভিযান দল পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পার্শ্ববর্তী দেশ ইরাকের রাজধানী বাগদাদের বাসিন্দারা জানিয়েছেন, তারা অনুভব করেছেন যে, ভূমিকম্পে শহরটি কাঁপছে। ইরান সীমান্ত থেকে থেকে বাগদাদ প্রায় ৩৪২ কিলোমিটার দূরে। বাগদাদের এক বাসিন্দা সিএনএনকে বলেন, ‘আমার আসবাবপত্র মেঝেতে চলতে শুরু করে। আমার আত্মীয়-স্বজন সবাই সুস্থ আছে কি না, আমাকে দেখতে হবে।’ আরেক বাসিন্দা বলেন, ‘প্রকৃতার্থে বিছানা কাঁপছিল।’ প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র ভূমিকম্পের মাত্রা ৬.১ জানালেও পরে তা পুনর্মূল্যায়ন করে ৫.৯ মাত্রা বলে জানায়। উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বরে ইরান-ইরাক সীমান্তে ৭.৩ মাত্রার ভূমিকম্পে ৪০০ লোক নিহত হয়েছিল।

তথ্য : সিএনএন