আন্তর্জাতিক ডেস্ক : ইরান পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বারাক ওবামার আমলে করা ছয় জাতির সঙ্গে ইরানের ওই আন্তর্জাতিক চুক্তিকে ট্রাম্প ‘ক্ষয়িষ্ণু ও পঁচা’ হিসেবে অভিহিত করে বলেন, ‘এই চুক্তি যুক্তরাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমার কাছে লজ্জাজনক।’
ইউরোপীয় মৈত্রীদের পরামর্শের বিপরীতে গিয়ে এ সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। তিনি ইরানের ওপর পুনরায় অর্থনৈতিক অবরোধ আরোপ করবেন, যা ২০১৫ সালের পরমাণু চুক্তির আগে ইরানের ওপর বলবৎ ছিল।
এর প্রতিবাদে ইরান জানিয়েছে, তারা ইউরেনিয়াম পুনরায় সমৃদ্ধকরণ শুরু করবে, যা পারমাণবিক বোমা ও শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়।
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ঘোষণা দিল যে, তারা তাদের প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধা দেখায় না।’
রুহানি বলেন, ‘আমি ইরানের পরমাণু শক্তি কমিশনকে বলেছি, যদি প্রয়োজন পড়ে পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে। ফলে যদি প্রয়োজন পড়ে আমরা যেন শিল্প-কারখানার পর্যায়ে সীমাহীন সমৃদ্ধকরণ করতে পারি।’
রুহানি জানান, পরমাণু চুক্তিতে স্বাক্ষরকারী অন্য মৈত্রীরা কী করে তা দেখার জন্য তিনি কয়েক সপ্তাহ অপেক্ষা করবেন।
তিনি বলেন, ‘যদি স্বাক্ষরকারী অন্যরা চুক্তিতে থাকে তবে সেটি তিনি কার্যকর রাখবেন।’
উল্লেখ্য, ইরান পরমাণু চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ১২ মে। এরপর এটি নবায়ন করার কথা ছিল। তবে তার আগেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রওকে সরিয়ে নেওয়ার ঘোষণা দিলেন ট্রাম্প।
তথ্য : বিবিসি


