আন্তর্জাতিক ডেস্ক : ইরান পরমাণু বোমা তৈরি করলে সৌদি আরবও পরমাণু বোমা বানানোর ব্যবস্থা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির যুবরাজ ও প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ বিন সালমান। মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ হুমকি দিয়েছেন।
যুবরাজ বলেন, ‘সৌদি আরব পরমাণু বোমা বানাতে চায় না কিন্তু এতে কোনো সন্দেহ নেই যে, যদি ইরান পরমাণু বোমা বানায় তাহলে তার দেশ যত তাড়াতাড়ি সম্ভব তা করবে।’
গত বছরের নভেম্বরে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে ‘মধ্যপ্রাচ্যের নব্য হিটলার’ বলার কারণও ব্যাখ্যা করেন সৌদি সিংহাসনের এই উত্তরাধিকারী।
তিনি বলেন, ‘তিনি (খামেনি) মধ্যপ্রাচ্যে নিজের প্রকল্প সৃষ্টি করতে চান, যা হিটলার তার সময়ে করতে চেয়েছিলেন অনেকটা সেইরকম। ইউরোপ ও বিশ্বের অনেক দেশই প্রকৃত ঘটনা ঘটার আগে বুঝতে পারেনি হিটলার কতোটা বিপজ্জনক ছিল। আমি মধ্যপ্রাচ্যে সেই একইরকম জিনিস ঘটুক তা দেখতে চাই না।’
যুক্তরাষ্ট্রে ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব ১৯৮৮ সালে পরামণু অস্ত্র নিরোধ চুক্তিতে স্বাক্ষর করে। এ পর্যন্ত তারা পরমাণু অস্ত্র নির্মাণের চেষ্টা করেছে কিনা সে ব্যাপারে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে পাকিস্তানের পরমাণু অস্ত্র উন্নয়নে সৌদি আরব অর্থ বিনিয়োগ করেছে বলে জানা গেছে।


