ইসরায়েলের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন।

সোমবার রাতের এ ঘটনায় কো-পাইলট গুরুতর আহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, বিমান বাহিনীর দক্ষিণাঞ্চলীয় একটি ঘাঁটিতে অবতরণের সময় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। তিনি আরো জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত ইসরায়েলের সব সামরিক হেলিকপ্টার আকাশে না উড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এটি তখন প্রশিক্ষণে ব্যবহার করা হচ্ছিল।

এর আগেও প্রযুক্তিগত সমস্যার কারণে ইসরায়েলের অ্যাপাচি হেলিকপ্টারগুলোর উড্ডয়ন বন্ধ রাখা হয়। জুলাই মাস থেকে আবার আকাশে উড়ানো হয় সেগুলো।

তথ্যসূত্র : প্রেসটিভি অনলাইন