আন্তর্জাতিক ডেস্ক : সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ইয়েমেনে দুই বছর আগে শুরু করা যুদ্ধ থেকে এখন বের হয়ে আসতে চাচ্ছেন তিনি। দুই মার্কিন কর্মকর্তার কাছে এ কথা বলেছিলেন তিনি। ফাঁস হয়ে যাওয়া ইমেইলের ভিত্তিতে ‘মিডল ইস্ট আই’ নামের একটি ওয়েবসাইট এ খবর জানিয়েছে।
ইসরায়েলে প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত মার্টিন ইনডিক ও প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ আমলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিভেন হ্যাডলির সঙ্গে এ আলোচনা করেছিলেন সালমান। কাতারের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন চার আরব দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার এক মাস আগে তাদের মধ্যে বৈঠক হয়। ওয়াশিংটন ডিসির সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ইউসেফ আল-কাতিবার একটি ইমেইলে প্রাক্তন মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যুবরাজ সালমানের বৈঠকের বিস্তারিত বিবরণ দেওয়া হয়। মিডল ইস্ট আই বলেছে, গ্লোবাললিকস নামের একটি গোষ্ঠী ইমেইলটি ফাঁস করেছে।
২০১৫ সালের ২৬ মার্চ সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বিরুদ্ধে বিমান হামলা শুরু করে। ইরানের অনুগত হুতি বাহিনীরা দেশটির প্রেসিডেন্ট মনসুর হাদিকে উচ্ছেদ করলে তার সমর্থনে এ অভিযান চালায় সৌদি জোট। দুই বছরে হাদিকে ইয়েমেনের ক্ষমতায় অধিষ্ঠিত করতে না পারলেও দেশটিতে সামরিক হামলার কারণে ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে।


