ঈদফেরত মানুষ স্বাস্থ্য ঝুঁকি বাড়াতে পারে

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ সরকারের সকল নিষেধাজ্জা অমান্য করে ঈদে বাড়ি যাওয়া মানুষ যদি ঢাকা ফিরে তাহলে বাড়তে পারে করোনা ঝুঁকি। যারা বাড়িতে গেছেন তাদের ব্যাপারে আগেই সতর্ক করেছিল সরকার। কড়া-কড়ি জারি আছে সব স্থানে। বন্ধ রাখা হয়েছে দূরপাল্লার পরিবহন।

করোনাকালে সরকার ঘোষিত ঈদের ৩ দিন ছুটি শেষ দিন আজই। আগামীকাল থেকে খুলে দেওয়া হচ্ছে অফিস। কর্মস্থলে যোগ দিতে হবে সকলকে। সে কারণে বাড়ছে ঈদ ফেরত মানুষের ঢল। স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সংশ্রিষ্টদের শঙ্কা বাড়তে পারে করোনা ঝুঁকি।

এদিকে ঈদে বাড়ি যাওয়া মানুষের ফেরা বিলম্বিত করার পক্ষে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম। শুক্রবার (১৪ মে) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শনে গিয়ে তিনি বলেছেন, লকডাউনের মধ্যে মানুষ যেভাবে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে দলে দলে বাড়ি গেছেন, একইভাবে ফিরে এলে তাতে ঝুঁকি বাড়বে। এটা অবশ্যই বিপজ্জনক হবে। এই ফেরাটা একটু বিলম্বিত করা গেলেই ভালো। আবার যথোপযুক্ত ব্যবস্থা নিয়ে যদি তাদের ঢাকায় আনার ব্যবস্থা করা যায় সেটাও বিবেচনা করা যেতে পারে।

শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও ঈদের পর শহরমুখী জনস্রোতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেছেন, ঈদ পরবর্তীকালে শহরমুখী জনস্রোত উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে।

এদিকে, দূরপাল্লার বাস চলাচল বন্ধে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। তবে পরিবহন মালিক ও শ্রমিকরা নেতারা স্বাস্থ্যবিধি মেনে দূরপাল্লার বাস চালুর জোর দাবি করেছেন। শুক্রবার সকালে পরিবহন শ্রমিকরা রাজধানী ঢাকাসহ সারাদেশে অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচি চলাকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি, সংসদ সদস্য শাজাহান খান রাজধানীর সায়েদাবাদে বক্তব্য রাখে। তিনি বলেন, বাড়ি থেকে ফেরার ক্ষেত্রে দূরপাল্লার গণপরিবহন চালুর অনুমতি দিতে পারে সরকার। না হলে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হবে।

সরকারি বিধি নিষেধে ট্রেন ও লঞ্চ চলাচলও বন্ধ। ফলে বিকল্প যানবাহনে বাড়ি থেকে ঢাকায় ফিরবেন যাত্রীরা। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বলেন, ঈদে যারা বাড়ি গেছেন তারা কিভাবে ফিরবেন- এ নিয়ে কারো কোনো মাথা ব্যাথা নেই।

এবার ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ছেড়েছেন কমপক্ষে ৬৫ লাখ মানুষ। দেশের একটি মোবাইল ফোন কোম্পানি বৃহস্পতিবার (১৩ মে) বিকেল পর্যন্ত তাদের তথ্যভাণ্ডার ও কলপ্রবণতা বিশ্লেষণ করে এই তথ্য জানায়। তারা বলছে, ঢাকা ছেড়ে যাওয়া মোট মোবাইল ফোন ব্যবহারকারীর (একক ব্যবহারকারী) সংখ্যা ৬৫ লাখ। মোবাইল ফোন ব্যবহার করে না এমন তরুণ ও শিশুর সংখ্যা এই হিসাবে আনা হয়নি।
তার আগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘গত ৪ থেকে ১১ মে পর্যন্ত ঢাকা থেকে ঢাকার বাইরে গেছেন ৬০ লাখ ৭২ হাজার ১৭৮ জন।