ঈদযাত্রার শেষদিনেও শিমুলিয়ায় জনস্রোত অব্যাহত

ঈদযাত্রার শেষদিনেও দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষের জনস্রোত অব্যাহত রয়েছে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। পরিবহন পারাপারের ঘোষণায় বেড়েছে ব্যক্তিগত গাড়ির সংখ্যাও। তবে পর্যাপ্ত ফেরি না থাকার কারণে দুর্ভোগে পড়তে হচ্ছে তাদের। ফেরি আসতেই হুমড়ি খেয়ে পড়ছে যাত্রীরা।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বৃহস্পতিবার (১৩ মে) সাড়ে ৭টা থেকে ঘাটে বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশ ও বিজিবি যৌথভাবে এই ঘাটের সংযোগ সড়ক ফাঁকা রাখার চেষ্টা চালাচ্ছে।

জানা যায়, শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বহরে ১৬ ফেরির মধ্যে এখন সচল রয়েছে ১৪ ফেরি, যা দিয়ে যাত্রী পার করতে হিমশিম খেতে হয়। তাই যানবাহন খুব একটা পার করতে পারছে না। ফেরিগুলো সাধারণত যানবাহন পারাপার করে। কিন্তু এখন পুরো ভর্তি যাত্রী দেখে বোঝার উপায় নেই তা।

বিআইডব্লিউটিসির এজিএস মো. সফিকুর রহমান বলছেন, তাদের ফেরি বাড়ানোর মতো অবস্থা নেই। দুটি ফেরি বিকল মেরামতের চেষ্টা চলছে।