উত্তরা ৯ নম্বর সেক্টরে উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএনসিসি

ঢাকা: উত্তরা ৯ নম্বর সেক্টরে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ সময় প্রায় ৫০টির মতো অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়নের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, ফুটপাত হকারমুক্ত করতে দুপুরে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজের পেছনে ৯ নম্বর সেক্টরের ১ নম্বর রোডে চতুর্থবারের মতো অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রায় ৫০টির মতো অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

জুলকার নায়ন বলেন, এসব দোকানে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করা হচ্ছিল। এ সময় উত্তরা ১০ নম্বর রোডে ১৭ নম্বর প্লটের মালিক খবিরুল ইসলামকে সড়কে ইট-বালু-মাটি রাখার অপরাধে ৫০০০ টাকা জরিমানা করা হয়।