উনের সঙ্গে বৈঠক হবে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : সিঙ্গাপুরে আগামী ১২ জুন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক বাতিলের ঘোষণার এক সপ্তাহ পর তা করার ঘোষণা দিলেন তিনি।

শুক্রবার উত্তর কোরিয়ার এক উচ্চ পদস্থ কর্মকর্তার সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পর উনের সঙ্গে বৈঠক অনুষ্ঠানের এ ঘোষনা দেন ট্রাম্প।

কিম ইয়ং-চুল নামের উত্তর কোরিয়ার ওই কর্মকর্তা ট্রাম্পের কাছে উনের লেখা একটি চিঠি হস্তান্তর করেন।

প্রথমে ট্রাম্প বলেছিলেন, চিঠিতে খুবই মজার। তবে পরে স্বীকার করেন, তিনি ওই চিঠি এখনো খোলেনই নাই।

হোয়াইট হাউস প্রাঙ্গনে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘আগামী ১২ জুন সিঙ্গাপুরে আমরা বৈঠক করব। সেভাবেই আলোচনা চলছে।’

ট্রাম্প সবাইকে সতর্ক করে দিয়ে জানান, উনের সঙ্গে ওই বৈঠকে হয়তো উত্তর কোরিয়ার বিতর্কিত পরমাণু কর্মসূচি সম্পর্কে চূড়ান্ত কোনো চুক্তি হবে না।

তিনি বলেন, ‘আমি কখনোই বলিনি, এটি এক বৈঠকেই হবে। আমি মনে করি, এটি একটি প্রক্রিয়ার ভেতর দিয়ে যাবে। তবে সম্পর্কের উন্নতি হচ্ছে এবং এটি খুবই ইতিবাচক।’

ট্রাম্প জানান, দুই কোরিয়ার যুদ্ধ আনুষ্ঠানিকভাবে শেষ করার বিষয়টি সিঙ্গাপুরে আলোচনার টেবিলে উঠবে। দুই কোরিয়ার মধ্যে ১৯৫০-৫৩ সালের যুদ্ধ বন্ধ হয়েছে কেবল সমঝোতার মাধ্যমে। এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত শান্তি চুক্তি হয়নি।

তথ্য : বিবিসি