নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে প্রচারণায় নেমেছে যুবলীগের নেতাকর্মীরা।
নৌকা প্রতীকের প্রার্থী রেজাউল করিম চৌধুরীর পক্ষে নির্বাচন পরিচালনা কমিটিও করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনটি। নগরের কে সি দে রোডে নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয় স্থাপন করে সেখান থেকে নিয়মিত প্রচারণা শুরু করেছে যুবলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (১৩ মার্চ) কে সি দে রোডে নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে সভায় রেজাউল করিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গত ১১ বছরের উন্নয়ন কর্মকাণ্ডগুলো সাধারণ জনগণের কাছে যুবলীগের নেতাকর্মীদের তুলে ধরতে হবে৷ উন্নয়নের বার্তা নিয়ে ঘরে ঘরে গিয়ে নৌকা মার্কায় ভোট দিতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি বলেন, নির্বাচন উপলক্ষে যুবলীগের নেতাকর্মীরা যে পরিশ্রম করে যাচ্ছে তা প্রশংসনীয়৷ এ পরিশ্রমের ফলস্বরূপ নৌকা প্রতীকের বিজয় হবে।
নির্বাচিত হলে চট্টগ্রামকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলবেন বলে জানান আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মুহাম্মদ বদিউল আলম বদি,নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, সদস্য সচিব শহিদুল হক রাসেল, যুবলীগ নেতা মীর মহিউদ্দিন, শাখাওয়াত হোসেন স্বপন, হেলাল উদ্দিন, আসাব রসুল জাহেদ, নুরুল আনোয়ার, সনত বড়ুয়া, সাঈদ সুমন, আজিজ উদ্দিন চৌধুরী, গিয়াস উদ্দিন আযম, রাশেদ খান মেনন, আবু সাঈদ চৌধুরী তপু, আরিফুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা আদিত্য নন্দী, মোরশেদুল হক রাসেল।
পরে যুবলীগ নেতাকর্মীরা মেহেদীবাগ সিডিএ জামে মসজিদ, ১ নম্বর দক্ষিণ পাহাড়তলীসহ নগরের বিভিন্ন ওয়ার্ডে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালান।


