এইচ এম এরশাদের যুব সংগঠন ‘যুব সংহতি’র কেন্দ্রীয় সম্মেলন রোববার

জ্যেষ্ঠ প্রতিবেদক : এইচ এম এরশাদের যুব সংগঠন ‘যুব সংহতি’র কেন্দ্রীয় সম্মেলন রোববার। একইদিন সংগঠনটির ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীও।

রোববার সকাল ১০টায় রাজধানী রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় সম্মেলন-২০১৭ ও প্রতিষ্ঠাবার্ষিকী। যুব সংহতির কর্মসূচিতে প্রধান অতিথি থাকছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। দলটির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারসহ দলটির শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

যুব সংহতির শীর্ষনেতা আবু সাঈদ স্বপন জানান, সম্মেলন ও প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নেতা-কর্মীদের উপস্থিতি, উৎসবমুখর কর্মসূচি পালনের মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে। কর্মসূচিতে জাতীয় পার্টির চেয়ারম্যানসহ শীর্ষনেতাদের উপস্থিতি নেতা-কর্মীদের উজ্জীবিত করবে।

এদিকে যুব সংহতির প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলন সফল করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক আলমগীর সিকদার লোটন ও সদস্য সচিব ফকরুল আহসান শাহজাদা।

জাপা নেতা শুক্কুর আলীর মৃত্যুতে শোক : জাতীয় পার্টির তেজগাঁও শিল্প এলাকার সভাপতি ও ঢাকা মহানগর উত্তরের সদস্য শুক্কুর আলীর (৬৯) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

শনিবার এক শোক বার্তায় তিনি বলেন, শুক্কুর আলী জাতীয় পার্টির একজন নিবেদিত প্রাণ ছিলেন। তার মৃত্যুতে আমরা এক সৎ, নির্ভিক এবং দক্ষ রাজনৈতিক সহযোদ্ধাকে হারালাম। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী শুককু আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফিরাত কামনা করেন। একইসঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

শুক্কুর আলী শুক্রবার রাতে ক্যানসারে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, চার ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।