একাধিক মামলার আসামি এ.বি.এম সিদ্দিক ধরা-ছোঁয়ার বাইরে

সংবাদদাতা, হাসান: রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের হলেও এ.বি.এম সিদ্দিক এখনো গ্রেপ্তারের বাইরে থাকায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, একের পর এক মামলা থাকা সত্ত্বেও তিনি প্রকাশ্যে চলাফেরা করছেন, অথচ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।
সূত্র জানায়, এ.বি.এম সিদ্দিকের বিরুদ্ধে বনানী থানার মামলা নং-১৫, মোহাম্মদপুর থানার মামলা নং-০৪, তেজগাঁও থানার মামলা নং-০৯ এবং হাতিরঝিল থানার মামলা নং-২৪ দায়ের রয়েছে।
এতগুলো মামলা থাকার পরও কীভাবে তিনি প্রশাসনের নজর এড়িয়ে চলছেন, তা নিয়ে সচেতন মহলে প্রশ্ন উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি শর্তসাপেক্ষে সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি-কে জানান, এ.বি.এম সিদ্দিক একসময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি ছয়টিরও বেশি প্রতিষ্ঠানের কর্ণধার বলে জানা গেছে।
তার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে—পদক্ষেপ, ক্লান্তি অ্যাসোসিয়েশন, ক্লান্তি হাউজিং লিমিটেড, ক্লান্তি ফ্যাশন লিমিটেড, অরুনি লিমিটেড এবং গ্লোবাল ব্যাঞ্চার্স লিমিটেড।
স্থানীয় সূত্রে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ব্যাপক প্রভাব ও দাপটের সঙ্গে তার ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেছেন।
এ.বি.এম সিদ্দিকের গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝাড়ায়। বিশ্বস্ত সূত্রের দাবি, সেখানে তার বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। এছাড়াও দেশের বাইরেও তার অঢেল সম্পদের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
যদিও গ্রামের বাড়ির অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি, তবে গোপনে তারা জানিয়েছেন, তার সম্পদের পরিমাণ নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে।
এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সচেতন মহলের মতে, একাধিক মামলার আসামিদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা না হলে আইনের শাসন নিয়ে সাধারণ মানুষের আস্থা দুর্বল হয়ে পড়বে।
অনুসন্ধান চলমান…