নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, সকাল থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। এভাবে শেষ পর্যন্ত ভোট গ্রহণ চলতে থাকলে বিএনপি জয়ী হবে।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সকাল থেকে ভোটার ও বিএনপির কর্মী-সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে ভোটের মাঠে আছেন। এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি তাতে নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ আছে এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে। আশা করি, বিকেল ৪টা পর্যন্ত ভোটকেন্দ্রে এ পরিবেশ বজায় থাকবে।
তিনি বলেন, ভোটকেন্দ্রের পরিস্থিতি ভালো থাকলে বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খান বিশাল ব্যবধানে জয়ী হবেন। বিএনপির এই নেতা ফলাফল গণনা ও ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্রে থাকতে ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন, পরিস্থিতি সন্তোষজনক, আমাদের প্রার্থী সাখাওয়াত হোসেনও বলেছেন। আমরা আশা করি, প্রশাসন এমন কোনো আচরণ করবেন না, যাতে নারায়ণগঞ্জের সিটি করপোরেশন নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়।
নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা নাজিমউদ্দিন আলম, ডা. দেওয়ান সালাহউদ্দিন, আবদুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, মুনির হোসেন, সাইফুল ইসলাম পটু ও আমিরুল ইসলাম খান প্রমুখ।


