এবার ঈদে হানিফ সংকেতের ইত্যাদি মাতাবে ৫০ জন বিদেশি নাগরিক

এস.এম.মনির হোসেন জীবনঃ দেশের সবচেয়ে জনপ্রিয় বিনোদনধর্মী টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’। বরাবরই যেটি উপস্থাপনা করে থাকেন হানিফ সংকেত। এবারের পর্বে অংশগ্রহণ করেছেন পৃথিবীর নানান দেশের প্রায় ৫০ জন বিদেশি নাগরিক। তাদের অভিনয়ও চমৎকার। এদের মধ্যে নৃত্যে অংশগ্রহণ করেছেন ২৫ জন এবং বাকীরা অভিনয়ে। সমাজের নানা অসংগতিকে বিদ্রুপ ও রসময় করে উপস্থাপন করাই কৌতুক ও ব্যাঙ্গাত্মক ঘরনার ইত্যাদির মূল আকর্ষনীয় দিক। এছাড়াও নানা-নাতী ও বিদেশি ছবির বাংলা সংলাপও এর একটি বিশেষ আকর্ষণ।
এবারের পর্বে অংশগ্রহণ করেছেন পৃথিবীর নানান দেশের প্রায় ৫০ জন বিদেশি নাগরিক। এদের মধ্যে নৃত্যে অংশগ্রহণ করেছেন ২৫ জন এবং বাকীরা অভিনয়ে। এবারের বিষয় ‘পারিবারিক শান্তি’। হানিফ সংকেতের নির্দেশনায় কয়েক দিনের মহড়ায়ই বাংলায় নানা সংলাপ আয়ত্ব করেছেন এসব বিদেশিরা। এসব বাদেও গত কয়েক বছর ধরে ঢাকায় অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্যও থাকে ইত্যাদির একটি ভিন্নধর্মী আয়োজন। সেই ধারাবাহিকতায় এবারের ঈদের জন্য নির্মিত ইত্যাদিতেও রয়েছে বিদেশিদের জন্য একটি বিশেষ পর্ব।
ইত্যাদিতে অভিনয় করার জন্য অনেক বিদেশিই তাদের ছুটি বাতিল করেছেন। তাদের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে হানিফ সংকেত গণমাধ্যমকে বলেন, সকলেই অপেশাদার, তবে অনেক পেশাদার শিল্পীরও এদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। বিশেষ করে ওদের সময়জ্ঞান, নিষ্ঠা, একাগ্রতা, কষ্ট সহিষ্ণুতা ও আন্তরিকতা মুগ্ধ করার মতো। আশা করি, প্রতিবারের মত এবারও তারা দর্শকদের অনেক আনন্দ দেবে।
এবারের ঈদের ইত্যাদিতে রয়েছে আরও একটি বিশেষ আয়োজন। এ পর্বে একসঙ্গে প্রাণবন্ত অভিনয় ও নৃত্য পরিবেশন করবেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় চার তারকা ফেরদৌস আহমেদ, জিয়াউল ফারুক অপূর্ব, মোনালিসা ও জাকিয়া বারী মম। ঈদের পরদিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে এটি প্রচারিত হবে।