ওয়াকিটকিসহ ভুয়া এসআই গ্রেফতার

সীতাকুণ্ড থানার ভাটিয়ারী ইউনিয়ন থেকে আবদুল করিম নামে এক ভুয়া পুলিশ উপপরিদর্শককে (এসআই) গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি ) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে কনফিডেন্স সিমেন্ট এলাকা থেকে আবদুল করিমকে গ্রেফতার করা হয়। আবদুল করিমের বাড়ি বগুড়া জেলায় বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল করিম সীতাকুণ্ড এলাকায় পুলিশ পরিচয়ে প্রায় ১০ দিন ধরে স্থানীয় লোকজনকে হয়রানি ও টাকা আদায় করে আসছিলেন। শনিবারও স্থানীয় এক যুবককে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যান। পরে তিন হাজার টাকা আদায় করে তাঁকে ছেড়ে দেন। গতকাল সোমবার রাতে একটি চায়ের দোকান থেকে আরেক তরুণকে হ্যান্ডকাপ পরিয়ে নিয়ে যাচ্ছিলেন। সন্দেহ হওয়ায় স্থানীয় বাসিন্দারা তাকে চ্যালেঞ্জ করে খবর দেন থানায়।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, করিম পুলিশের পরিচয়ে প্রতারক। প্রতারণার অভিযোগে করিমের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।