বগুড়ায় অজ্ঞাত বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় সিএনজি চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে বগুড়া সদরের ঠেঙ্গামারায় টিএমএসএস মেডিকেল কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়ার কাহালু উপজেলার রামপুর গ্রামের শফিকুল ইসলাম (৪৫) ও আরাফাত হোসেন (১৬)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার ভোরে চালক একটি সিএনজিচালিত অটোরিকশায় পাঁচজন যাত্রী তোলেন। তারা বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে হাসপাতালের সামনে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি বাস ওই অটোরিকশাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শফিকুল ইসলাম ও আরাফাত হোসেন নামে দুই যাত্রী মারা যান। আহত হন অটোরিকশাচালকসহ আরও তিন যাত্রী।
দুর্ঘটনার পর ঢাকা-রংপুর মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বিঘ্নিত হয়েছে। পরবর্তীতে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হাইওয়ে পুলিশ বগুড়ার কুন্দারহাট থানার ওসি রইচ উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই নিহত দুজনের লাশ স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন। আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহণ আইনে মামলা হয়েছে।


