কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া উপজেলায় ক্যাম্প থেকে অপহৃত আরো তিন রোহিঙ্গাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর গলাকেটে হত্যার চেষ্টাকালে তিনজনকে টেকনাফের চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে উদ্ধার করেছিল পুলিশ। সোমবার বিকেল ৩টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পশ্চিমের পাহাড়ি এলাকা থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী। তবে তাৎক্ষণিকভাবে উদ্ধার হওয়া রোহিঙ্গাদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি। সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে গলাকেটে হত্যার চেষ্টাকালে আহত অবস্থায় উদ্ধার রোহিঙ্গারা হলেন- উখিয়ার বালুখালী ক্যাম্পের বাসিন্দা ছৈয়দ হোসেনের ছেলে নুর আলম (৪৫), কুতুপালং ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা মোহাম্মদ সালেক (২৫) এবং কুতুপালং ই-ব্লকের বাসিন্দা মোহাম্মদ আনোয়ার (৩৩)। রোববার দিবাগত রাতে উখিয়ার ক্যাম্প থেকে ছয়জন রোহিঙ্গাকে অপহরণ করে অজ্ঞাত একদল দুর্বৃত্ত। সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় অপহৃতদের রাখা হয়েছে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ পৌঁছার আগের দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। নিকারুজ্জামান বলেন, অপহৃত ছয় জন রোহিঙ্গার মধ্যে নিখোঁজ থাকা তিনজনকে বিকেলে কুতুপালং ক্যাম্প সংলগ্ন পশ্চিমের পাহাড়ি এলাকা থেকে আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে দুইজনকে কুতুপালং ক্যাম্প সংলগ্ন এমএসএফ (হল্যান্ড) হাসপাতালে এবং একজনকে একই এলাকার রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা বলে জানিয়েছেন তিনি। কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া না গেলেও সত্যতা নিশ্চিতে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে বলে জানিয়েছেন নিকারুজ্জামান। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।


