কক্সবাজারে নিখোঁজ ছয়জন রোহিঙ্গার মধ্যে গলা কেটে হত্যার চেষ্টা

কক্সবাজার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে নিখোঁজ ছয়জন রোহিঙ্গার মধ্যে গলা কেটে হত্যার চেষ্টাকালে তিনজনকে আহত অবস্থায় টেকনাফ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এখনো তিনজন নিখোঁজ রয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকা থেকে এ তিনজনকে উদ্ধার করা হয় বলে জানান টেকনাফ থানার ওসি রণজিত কুমার বড়ুয়া। আহত অবস্থায় উদ্ধাররা হলেন- উখিয়ার বালুখালী ক্যাম্পের বাসিন্দা ছৈয়দ হোসেনের ছেলে নুর আলম (৪৫), কুতুপালং ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা মোহাম্মদ সালেক (২৫) এবং কুতুপালং ই-ব্লকের বাসিন্দা মোহাম্মদ আনোয়ার (৩৩)। তবে নিখোঁজ তিন রোহিঙ্গার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি। ওসি রণজিত বলেন, ‘রোববার রাতে উখিয়ার বালুখালী ক্যাম্প থেকে ছয়জন রোহিঙ্গাকে অপহরণ করে অজ্ঞাত একদল দুর্বৃত্ত। সোমবার সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় অপহৃতদের রাখা হয়েছে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তিনজনকে গলা কেটে হত্যার চেষ্টাকালে উদ্ধার করেছে। এ সময় পুলিশ পৌঁছার আগের দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’ ওসি বলেন, ‘উদ্ধার হওয়া তিনজনের মধ্যে একজনকে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় ক্লিনিকে এবং দুইজনকে উখিয়ার কুতুপালং ক্যাম্প সংলগ্ন রেড ক্রিসেন্ট ফিল্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।’ কারা, কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা জানতে পুলিশ খোঁজখবর নিচ্ছে বলে জানান রণজিত কুমার। ওসি জানান, নিখোঁজদের উদ্ধারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।