নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে মানুষের চলাচল সীমিত করায় কর্মসংকটে পড়া দিনমজুরদের নিত্যপণ্য দিচ্ছে জেলা প্রশাসন।
শনিবার (২৮ মার্চ) বিকেল থেকেই বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোনাগাজী উপজেলার নয়টি ইউনিয়ন ও পৌরসভার খেটে খাওয়া দিনমজুর মানুষদের জন্য সরকারের ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৮ মেট্রিক টন চাল বরাদ্দ হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌরশহরের দুইশতাধিক দিনমজুর রিকশা চালক ও হত দরিদ্র লোকদের মধ্যে ১০ কেজি চাল, দুই কেজি আলু ও এক কেজি ডাল বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নোমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মফিজুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মোতালেব চৌধুরী রবিন উপস্থিত ছিলেন।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব জানান, উপজেলার জন্য ১ হাজার ৮শ প্যাকেট করা হয়েছে। ইতিমধ্যে চালগুলো ইউপি চেয়ারম্যান ও পৌরসভা মেয়রের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
কয়েকজন ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা বলে জানা যায়, সরকারিভাবে পাওয়া চালের সঙ্গে নিজেরা কিছু চাল, আলু, ডাল, তেলসহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনে ইউনিয়নগুলোর বিভিন্ন এলাকায় গরিব লোকদের মধ্যে বিতরণ শুরু করেছেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, প্রথম ধাপে সরকারের ত্রাণ তহবিল থেকে জেলা সদরসহ ৬ উপজেলার জন্য ৭ লাখ টাকা ও ১শ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় পৌরসভার ১৮টি ওয়ার্ড ও ১২ ইউনিয়নের জন্য ২ লাখ এবং অপর ৫ উপজেলার জন্য ১ লাখ টাকা করে বরাদ্দ করা হয়েছে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম জাকারিয়া জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তারা প্যাকেট করে দরিদ্র দিনমজুরদের বাড়ি বাড়ি গিয়ে এসব সহায়তা দেবেন।
জানতে চাইলে জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান জানান, জেলার ৬ উপজেলার জন্য আরও ৬শ মেট্রিক টন চাল ও ১৩ লাখ ৯৮ হাজার টাকা মজুত রয়েছে। ফেনীতে একজন মানুষও যেন অভুক্ত না থাকে সেজন্য জেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা একযোগে কাজ করছেন।


