করোনাভাইরাস নিশ্চিত হলেই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন

জেলা প্রতিবেদকঃ  কোনো রোগী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে নিশ্চিত হওয়ার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হবে বলে জানিয়েছেন করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। তিনি বলেন, নগরের প্রতিটি ওয়ার্ডে চট্টগ্রাম সিটি করপোরেশনের হেলথ সেন্টার রয়েছে। এ সেন্টারগুলোতে মেডিক্যাল অফিসাররা রোগীদের যথাযথ চিকিৎসা দেবেন।
নগরের কোনো ব্যক্তির সর্দি, জ্বর, কাশি দেখা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সঙ্গে সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত হেলথ সেন্টার, মেমন মাতৃসদন হাসপাতাল ও চসিক জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসাসেবা নেওয়ার পরামর্শ দেন ডা. সেলিম।
এসব রোগীর ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হবে না। তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর এবং ইতিহাস লিখে হোম কোয়ারেন্টিনে পাঠানোর পরামর্শ ডা. সেলিমের।
বৃহস্পতিবার (১৯ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে চসিক এলাকায় করোনা ভাইরাস সম্পর্কে চসিক চিকিৎসকদের সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, ইনচার্জ ডা. ইসরাত জাহান, ডা. আশীষ কুমার মুখার্জী, ডা. নাছিম ভূঞা, কনসালটেন্ট ডা. দিদারুল মনির, ডা. সুশান্ত বড়ুয়া ও ডা. মো. ইমাম হোসেন রানা, ডা. মো. রফিকুল ইসলাম, ডা. তপন কুমার চক্রবর্তী, ডা. হাসান মুরাদ চৌধুরী, ডা. মুজিবুল আলম চৌধুরী, ডা. সুমন তালুকদার উপস্থিত ছিলেন।
বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদিকা ডা. রোকেয়া সুলতানা মোবাইল ফোনে সরাসরি খোঁজ নেন এবং দিকনির্দেশনা দেন।
ডা. সেলিম আকতার চৌধুরী চসিক চিকিৎসকদের উদ্দেশে বলেন, করোনা ভাইরাসের তদারকির সব দায়-দায়িত্ব সিটি করপোরেশনের ওপর ন্যস্ত হয়েছে। এ বিষয়ে সিটি মেয়রকে সভাপতি এবং চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তাকে সদস্যসচিব করে করোনা ভাইরাস প্রতিরোধে ১০ সদস্যের কমিটি গঠন করেছে মন্ত্রণালয়। তাই চট্টগ্রাম নগরের দায়িত্বটা আমাদের যথাযথভাবে পালন করতে হবে। কোনো রোগীকে যাতে ব্যর্থ হয়ে ফিরে যেতে না হয়, সে বিষয়ে সব চিকিৎসককে দায়িত্ববান হতে হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, করোনা ভাইরাস দেখভাল করার জন্য মোবাইল টিম রয়েছে। যদি কাউকে কর্মক্ষেত্রে অনুপস্থিত পাওয়া যায়, তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে সিটি করপোরেশনের হাত থাকবে না বলে তিনি সবাইকে হুঁশিয়ার করেন।
সভায় বিদেশফেরত কারও জ্বর, সর্দি, কাশি হলে কমিটির সদস্য সচিব ডা. সেলিম আকতার চৌধুরীকে রিপোর্ট করতে বলা হয়।
যারা হোম কোয়ারেন্টিনে থাকবেন না তাদের প্রথমে বোঝানো হবে। এরপরেও না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ডা. সেলিম।