করোনা পরিস্থিতি মোকাবিলায় মেয়রদের সঙ্গে রাতে স্থানীয় সরকার মন্ত্রীর বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ করোনা পরিস্থিতি মোকাবিলায় রাতেই সব সিটি করপোরেশনের মেয়রদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।

বুধবার (১৭ জুন) দুপুরে বৈঠকের বিষয়টি জানান মন্ত্রী নিজেই। বৈঠকে করোনা মোকাবিলাসহ চলমনা লকডাউন বিষয়ে আলোচনা হবে।

মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতাধীন যতোগুলো সিটি করপোরেশন রয়েছে তার মেয়রদের নিয়ে রাতেই জুম কানেকশনের মাধ্যমে বৈঠক করবো। সেখানে করোনা পরিস্থিতি মোকাবিলায় আমাদের ওপর যেসব দায়িত্ব আছে সেগুলো পালনে আমরা কতোটা প্রস্তুত এবং কতোটা পারবো সেই বিষয় নিয়েই আলোচনা হবে।’

তিনি আরও বলেন, ‘মানুষ এতো কিছুর পরেও জনপ্রতিনিধিদের গালি গালাজ করে। মনে হয় আমরা কিছুই করিনি। জনপ্রতিনিধিরা কাজ করছে, মাঠেই রয়েছে। আমি স্থানীয় বাসিন্দাদের সাহস ও উৎসাহ দিতে আজ ঢাকার পূর্ব রাজাবাজার পরিদর্শনে গিয়েছি। পাশাপাশি তাদের বর্তমান অবস্থাও দেখে এসেছি।’

প্রসঙ্গত, বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত দেশে আক্রান্ত হয়েছেন ৯৮ হাজার ৪৮৯ জন এবং মৃত্যু হয়েছে এক হাজার ৩০৫ জনের।