জেলা প্রতিবেদকঃ সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বরিশালে কঠোর অবস্থানে গেছে আইন-শৃঙ্খলা বাহিনী। সরকারি নির্দেশনা ভেঙে হঠাৎ করে সমাগম বাড়তে শুরু করায় কঠোর হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল থেকে ভ্রাম্যমাণ টিমের পাশাপাশি নগরের বিভিন্ন সড়কে পুলিশের অসংখ্য চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি সড়কের মোড়ে মোড়ে চলছে তল্লাশি।
অটোরিকশা, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা এবং মোটরসাইকেলে দুজন বা তার অতিরিক্ত আরোহী দেখলেই নামিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি সামাজিক দুরত্ব নিশ্চিত করতে এসব মানুষকে বোঝানো হচ্ছে। নগরজুড়ে চলছে প্রচারণা। এছাড়া ঘর থেকে বের হওয়া মানুষেরা যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অপরদিকে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বরিশালে সেনাবাহিনী তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী তাদের টহল অব্যাহত রেখেছে। এসময় যারা মাস্ক না পরে রাস্তায় বের হয়েছেন তাদের মাস্ক নিশ্চিত করার পাশাপাশি মাস্ক বিতরণও করা হয়। এছাড়া অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, একসঙ্গে বেশি মানুষ জড়ো না হওয়া, দোকানের সামনে সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়ে প্রচারণা চালান সেনা সদস্যরা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে বরিশাল নগরে দু’টি ও উপজেলায় পর্যায়ে নয়টি ভ্রাম্যমাণ আদালতের টিম মাঠপর্যায়ে কাজ করছে।এসব টিমও সামাজিক দুরত্ব নিশ্চিত, গণজমায়েত বন্ধ ও বাজার তদারকির অভিযান পরিচালনা করছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
বরিশাল নগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল হুদা জানান, নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর পাশাপাশি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রমও পরিচালনা করা হয়।
তিনি বলেন, অভিযানে নগরের নথুল্লাবাদ এলাকায় পণ্যবাহী কাভার্ডভ্যানে যাত্রী পরিবহন করায় নাইম রহমান নামে এক ব্যক্তিকে হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।


