নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া মাসুদ রানা (৪৫) ওই ভাইরাসে আক্রান্ত ছিলেন না বলে জানিয়েছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জনডা. মোস্তাফিজুর রহমান তুহিন। শ্বাসকষ্টে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি। সোমবার (৩০ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মোস্তাফিজুর রহমান।
মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কিনা, তা নিশ্চিত হতে তার শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করতে ঢাকায় পাঠানো হয়। সোমবার দুপুরে ওই পরীক্ষার রিপোর্ট জানা যায়।
ডা. মোস্তাফিজুর রহমান জানান, আইইডিসিআর থেকে পাওয়া রিপোর্ট অনুযায়ী মৃত ব্যক্তির দেহে করোনা ভাইরাসের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
এদিকে ওই রিপোর্ট হাতে পাওয়ার পর শিবগঞ্জের লকডাউন প্রত্যাহার করে নিয়েছে স্থানীয় প্রশাসন।
এর আগে গত শনিবার (২৮ মার্চ) সকালে শিবগঞ্জের মহব্বত নন্দীপুর গ্রামে মারা যান মাসুদ রানা (৪৫)। তার মৃত্যুর পর এলাকায় করোনা ভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় আশপাশের ১৫টি বাড়ি লকডাউন ঘোষণা করে প্রশাসন।
এরপর স্বাস্থ্য বিভাগের কর্মীরা মাসুদ রানার মৃতদেহ থেকে নমুনা হিসেবে মুখের লালা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআর-এ পাঠায়। এছাড়াও আইইডিসিআর-এর নির্দেশনা অনুযায়ী মৃত ব্যক্তিকে সংক্রমক ব্যাধি আইন অনুযায়ী দাফন করে স্থানীয় প্রশাসন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া মাসুদ রানার বাড়িসহ পার্শ্ববর্তী ১৫টি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছিল। পরবর্তী সময়ে আইইডিসিআর থেকে নমুনা পরীক্ষার ফলাফল জানার পর সোমবার দুপুরে ওই এলাকার লকডাউন প্রত্যাহার করে নেওয়া হয়েছে।


