করোনা সময়ে কঠোরভাবে নির্দেশনা মেনে চলতে হবে

obaidul kader

করোনা ভাইরাসের উচ্চ ঝুঁকি বিবেচনায় কয়েক জেলা ও সিটি করপোরেশনের সুনির্দিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। জনসাধারণকে কঠোরভাবে নির্দেশনা মেনে চলতে হবে এই করোনা সময়ে। ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে বলে জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২২ জুন) রাজধানীর সংসদ ভবন এলাকায় নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, করেনার এই দুর্যোগে বাংলাদেশে সফররত চীনা বিশেষজ্ঞ টিম সরকারের নানা সীমাবদ্ধতা সত্ত্বেও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব পালনের প্রশংসা করেছে। তারা নমুনা পরীক্ষা কম হচ্ছে বলে মত প্রকাশ করার পাশাপাশি জনগণের সচেতনতার অভাবের কথাও বলেছে।

তিনি সবাইকে এক সেকেন্ডের অবহেলা, হাত ধোয়ার ২০ সেকেন্ডের অলসতা ভয়ানক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে মনে করিয়ে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আবারও আহ্বান জানান।

বিএনপিকে ত্রাণ কাজে বাধা দিচ্ছে, দলের মহাসচিবের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, কোথায় কে বাধা দিচ্ছে, তা স্পষ্ট করুন, তথ্য-প্রমাণ দিন, অভিযোগ সত্য হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। মানবিক কাজে বাধা দেওয়া আওয়ামী লীগের নীতি নয়।

সরকার জেলা পর্যায়ের হাসপাতালে আইসিইউসহ জরুরি সেবা সম্প্রসারণ ও প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপনে উদ্যোগ নিয়েছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, সরকারের পাশাপাশি এ সংকটকালে বেসরকারি উদ্যোগও যোগ করতে পারে নতুন মাত্রা।

এর আগে ওবায়দুল কাদের নোয়াখালীতে স্থাপিত কোভিড-১৯ হাসপাতালের জন্য ব্যক্তিগত তহবিল থেকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মো. আবদুল হামিদের কাছে দুটি আইসিইউ-ভেন্টিলেটর হস্তান্তর করেন।