নিজস্ব প্রতিবেদকঃ করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রামণ রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছেন দেশের মানুষ। পাশাপাশি বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান ও যানবাহন চলাচল। এতে কর্মহীন হয়ে পড়েছেন দিনমজুর, শ্রমিক, রিকশাচালকসহ দুস্থ ও অসহায় পরিবারের সদস্যরা। এর ফলে খাদ্য সংকটও দেখা দিয়েছে তাদের।
এ অবস্থায় সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি পর্যায়ে দুস্থ ও অসহায় পরিবারের সদস্যদের খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
কর্মহীন এসব মানুষের মধ্যে নিজ বেতনের টাকায় কেনা খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন বরিশালের আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন। এ ধারাবাহিকতায় গত দু’দিনে প্রায় ৮০ জন অসহায় পরিবারের বাড়িতে নিজে গিয়ে এসব খাদ্যসামগ্রীর প্যাকেট পৌঁছে দিয়েছেন ওসি আফজাল। খাদ্যসামগ্রী প্রতিটি প্যাকেটে ছিল ১০ কেজি চাল, দুই কেজি ডাল, দুই কেজি পেঁয়াজ ও পাঁচ কেজি আলু।
ওসি আফজালের সহকর্মীরা জানান, সারাদিন আগৈলঝাড়া উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন মামলার কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকেন ওসি আফজাল। তাই রাতে তিনি উপজেলাটির বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে দরিদ্র মানুষের হাতে এসব খাদ্য সামগ্রী প্যাকেট তুলে দেন।
আর ওসির কাছ থেকে এ সহায়তা পেয়ে বেশ খুশি আগৈলঝাড়ার দুস্থ ও অসহায় পরিবারগুলো।
সোমবার (৩০ মার্চ) ওসি আফজাল বলেন, করোনা ভাইরাস সংক্রামণ রোধে সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে অবস্থান করছেন দুস্থ ও অসহায় মানুষ। তাই সম্পূর্ণ ব্যক্তিগতভাবে এসব অসহায় মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করছি। নিজের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা অব্যাহত থাকবে।
এর আগে ওসি আফজাল সামাজিক দুরত্ব বজায় রাখা ও সরকারি নির্দেশনা মেনে নিজ ঘরে উপজেলাবাসীর অবস্থান নিশ্চিতের জন্য ব্যাপক প্রচারণা চালান। তার উদ্যোগেই প্রথম উপজেলাটিতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধের দোকানের সামনে সামাজিক দূরত্ব নিশ্চিতের লক্ষ্যে ক্রেতাদের জন্য গোল চিহ্ন একে দেওয়া হয়।
এছাড়া তিনি বিভিন্ন গ্রামের অসহায়-দরিদ্র ও বৃদ্ধদের নিজের টাকায় মাস্ক কিনে দেন।


