কাতারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে হবে কিনা তা আজ নির্ধারণ করতে যাচ্ছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক : গত মাসে কাতারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কিনা তা আজ বুধবার নির্ধারণ করতে যাচ্ছে সৌদি আরব, বাহরাইন, মিশর ও সংযুক্ত আরব আমিরাত। মিশরের রাজধানী কায়রোতে চার আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে বিবিসি।

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর গত ৫ জুন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। একই সঙ্গে তারা দেশটির ওপর কঠোর অবরোধ আরোপ করে ।সম্পর্ক স্বাভাবিক ও অবরোধ প্রত্যাহারের জন্য ২২ জুন চার দেশ কাতারকে ১৩ দফা শর্ত দেয়। এসব শর্তের মধ্যে রয়েছে, দোহাকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি সমর্থন প্রত্যাহার, আল-জাজিরা টিভি নেটওয়ার্ক বন্ধ, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং তুর্কি সামরিক ঘাঁটি বন্ধ করে দেওয়া।

প্রথমে শর্ত পূরণে ১০ দিনের সময় বেঁধে দিলেও পরে কুয়েতের অনুরোধে মেয়াদ আরো দুদিন বাড়ানো হয়। সোমবার এই শর্ত পূরণের বিষয়ে কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমদ আল সাবাহ’র কাছে কাতারের আমির শেখ তামিমের হাতে লেখা চিঠি হস্তান্তর করা হয় । তবে চিঠির বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। মঙ্গলবার অবশ্য কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, সৌদি জোটের ‘এসব দাবি অবাস্তব এবং অগ্রহণযোগ্য।’

বুধবার সৌদি জোট এক বিবৃতিতে জানিয়েছে, কুয়েতের আমিরের মাধ্যমে কাতারের দেওয়া জবাব তারা পেয়েছেন। ‘নির্ধারিত সময়েই কাতার জবাব পাবে’ বলেও এতে জানানো হয়।