আন্তর্জাতিক ডেস্ক : স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠিতব্য গণভোটের বিষয়ে কাতালানের পার্লামেন্টে পাস হওয়া একটি আইনকে বাতিল বলে ঘোষণা দিয়েছে স্পেনের সাংবিধানিক আদালত। বৃহস্পতিবার রায়ে আদালত বলেছে, এ আইন স্পেনের সংবিধানের লঙ্ঘন কিনা সেটি তারা বিবেচনা করছেন।
স্প্যানিশ প্রধানমন্ত্রী মারিয়নো রাজয় এর আগে জানিয়েছিলেন, কাতালানের পার্লামেন্টে পাস হওয়া আইনটি ‘অসহনীয় অবাধ্যতার নজির’। আর এ কারণে গণভোটকে অবৈধ ঘোষণার আবেদন জানিয়ে তিনি আপিল আবেদনটি করেছিলেন।
তবে আদালতের এই সিদ্ধান্তের পরও কাতালানের নেতারা জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী ১ অক্টোবর গণভোট অনুষ্ঠিত হবে। আদালতের রায়ের কয়েক ঘন্টা পর গণভোটে স্বাধীনতার পক্ষে বিজয় এলে কীভাবে ক্ষমতা হস্তান্তর করা হবে সে সংক্রান্ত একটি আইনি কাঠামোর অনুমোদন দিয়েছে পার্লামেন্ট।
স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সমৃদ্ধশালী কাতালান প্রদেশ ইতিমধ্যে স্বায়ত্ত্বশাসন ভোগ করছে। তবে প্রাদেশিক সরকারের দাবি স্বাধীনতার প্রশ্নে তাদের ব্যাপক জনসমর্থন রয়েছে।
এদিকে স্পেনের প্রধান সরকারি কৌঁসুলি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গণভোটের পক্ষে প্রস্তাব আনায় কাতালানের পার্লামেন্ট সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে। কাতালান সরকারের যেসব সদস্য এই বিলে স্বাক্ষর করেছেন তাদের বিরুদ্ধেও মামলা করা হবে।


