কাতালোনিয়ার পার্লামেন্টের স্পিকার জামিন দিয়েছে স্পেনের আদালত

আন্তর্জাতিক ডেস্ক : কাতালোনিয়ার পার্লামেন্টের স্পিকার ও চার এমপিকে জামিনে মুক্তি দিয়েছে স্পেনের আদালত। বৃহস্পতিবার তাদের মুক্তির আদেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এই পাঁচজনকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত সপ্তাহে গ্রেপ্তার করা হয়েছিল। আদালত সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার স্পিকার কারমে ফোর্সাদেলকে দেড় লাখ ইউরো এবং বাকি প্রত্যেককে ২৫ হাজার ইউরো জামানত দেওয়ার শর্তে মুক্তির আদেশ দেওয়া হয়। এদিকে, কাতালোনিয়ার বরখাস্ত হওয়া পুজদেমন সরকারের আট সদস্য এখনও কারাগারে আটক রয়েছেন। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও বিদ্রোহের অভিযোগের পৃথক তদন্ত চলছে। বিচারক পাবলো লারেনা রায়ে বলেছেন, ‘অভিযুক্ত সবাই কথা দিয়েছে, হয় তারা রাজনীতি থেকে সরে যাবেন অথবা রাজনীতিতে সক্রিয় থাকলে ভবিষ্যতে আর কখনও সংবিধান বিরোধী কোনো কাজ করবেন না।’ গত ১ অক্টোবর স্বাধীনতার প্রশ্নে গণভোট হয় কাতালোনিয়ায়। এর ভিত্তিতে ২৭ অক্টোবর সেখানকার পার্লামেন্টের স্বাধীনতা ঘোষণা দিলে স্পেন সরকার অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় এবং ক্ষমতাসীন সরকারকে বরখাস্ত করে।একইসঙ্গে কাতালোনিয়ায় নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেন স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়।