আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে আটক সুশীল সমাজ ও নারী অধিকার কর্মীদের মুক্তি চাওয়ায় ক্ষুব্ধ হয়ে কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে আরব রাষ্ট্রটি। পাশাপাশি টরোন্টোতে সরাসরি ফ্লাইট বাতিল করেছে সৌদি আরব এবং কানাডার সঙ্গে সকল বাণিজ্য সম্পর্ক স্থগিত করেছে। সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে কানাডার বিরুদ্ধে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। সৌদির এমন পদক্ষেপের পর কানাডা জানিয়েছে, তারা মানবাধিকারের জন্য আওয়াজ তুলে যাবেই। সৌদিতে মানবাধিকারের জন্য আটককৃতদের মধ্যে রয়েছেন সৌদি বংশোদ্ভূত আমেরিকান সমর বাদাবি, জেলে থাকা ব্লগার রাফি বাদাবির বোন। কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড জানিয়েছেন, কূটনৈতিক সম্পর্ক ছিন্নে তিনি ‘গভীরভাবে উদ্বিগ্ন’। তবে বলেন, ‘কানাডা সবসময়ই নারী অধিকার ও বাক স্বাধীনতাসহ মানবাধিকার রক্ষায় কাজ করবে।’ তিনি আরো বলেন, ‘আমরা এসব মূল্যবোধের প্রচারণায় দ্বিধাগ্রস্ত হবো না এবং আমরা বিশ্বাস করি যে, এসব আলোচনা আন্তর্জাতিক কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ।’


