কিম জং ন্যাম হত্যায় দুই ইন্দোনেশীয় নারীকে খুঁজছে মালয়েশিয়া পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যাম হত্যায় দুই ইন্দোনেশীয় নারীকে খুঁজছে মালয়েশিয়া পুলিশ। তারা ওই দুই নারীকে হত্যায় জড়িতদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে দাঁড় করাতে চায়। হত্যাকাণ্ড প্রত্যক্ষদর্শী ওই দুই ইন্দোনেশীয় নারীকে স্থানীয়রা রাইসা রিন্ডা সালমা (২৪) ও ডেসি মেইরিসিন্তা (৩৩) নামে চিহ্নিত করেছে। হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী দুই নারীকে কেউ দেখে কিংবা চিনে থাকলে কিংবা তাদের সম্পর্কে কিছু জানলে সেপাং জেলা পুলিশের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে কুয়ালা লামপুর বিমানবন্দরে বিষাক্ত ভিএক্স নার্ভ এজেন্টের হামলার শিকার হয়ে মারা যান কিম জং ন্যাম। তার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নারীর বিচার হচ্ছে। বিচারের আওতায় থাকা এই দুই নারী হলেন- ইন্দোনেশিয়ার সিতি আইশিয়া ও ভিয়েতনামের ডোয়ান থি হং। তবে তারা দুইজন হত্যাকাণ্ডে জড়িত নন বলে দাবি করেছেন। তারা জানান, তারা মনে করেছেন তারা একটি রিয়েলিটি টিভি শোর জন্য একটি প্র্যাঙ্কে (ছলচাতুরি খেলা) অংশ নিচ্ছেন এবং জানতেন না যে বর্ণ, গন্ধহীন ভিএক্স আসলে প্রাণঘাতী নার্ভ এজেন্ট ছিল।

তথ্য : বিবিসি