কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের বাজিতপুরে শ্রীবাস ঋষি দাস (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের ভোটঘর বালুর মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। শ্রীবাস একই উপজেলার ঋষিপাড়া গ্রামের রাম প্রসাদ ঋষি দাসের ছেলে। স্থানীয়রা জানান, দিঘীরপাড় ভোটঘর বাজারে শ্রীবাস ঋষি দাসের সেলুন রয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে কাজ শেষে বাজার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ওই বালুর মাঠে ফেলে রাখে। রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ডটি ঘটেছে। শনিবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান পাটোয়ারি জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


