ভিডিও ফুটেজে দেখা যায়, সকালের দিকে চলন্ত বাস ও অন্যান্য যানবাহনের মাঝ দিয়ে একটি বড় ব্যানার নিয়ে একদল যুবক সড়কে এগিয়ে যাচ্ছেন। ব্যানারে লাল কালিতে ‘বিক্ষোভ মিছিল’ লেখা ছিল। এর মূল অংশে লেখা ছিল, ‘বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ ক্যাঙ্গারু কোর্টের অবৈধ রায়ের প্রতিবাদে এবং সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে’।
ব্যানারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ছবির পাশাপাশি ‘আনিছুর রহমান নাঈম’-এর নাম ও ছবি দেখা যায়।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘বিএনপির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’ স্লোগান দেন।
মিছিলে অংশ নেওয়া যুবকদের কয়েকজনের মুখে মাস্ক ছিল। ব্যস্ত সড়কের একটি লেন ধরে স্লোগান দিতে দিতে তারা এগিয়ে যান।


